রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: এবিজি স্পোর্টস সিটিতে সাংবাদিকদের ফুটবল ‘বিশ্বকাপ’   ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিক   সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার   জমকালো আয়োজনে উন্মোচন হলো এবিজি মিডিয়া কাপের ট্রফি   তারেক রহমানের নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: সাইফুল আলম নীরব   আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা দূর হবে: পানিসম্পদমন্ত্রী   টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড   
তোমাকে ভুলে যাওয়ার শপথ নিয়েও স্মৃতির কাছে বারবার ফিরে আসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম   (ভিজিট : ১৯২)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোঃ আসাদুজ্জামান:

মাধবী,
দেখো তো এই কথাটি কতটা হৃদয়গ্রাহী- ‘যদি তারা জিজ্ঞেস করে, প্রেম  কি? তাহলে তাদেরকে বলে দিও, প্রেম হলো ইচ্ছের বলিদান।’ কল্পনায় তোমাকে  নির্লজ্জ ভালোবাসা বিলিয়ে জালাল উদ্দিন রুমির ঐ অমর উক্তির মতো প্রতিদিন আমি ইচ্ছেকে বলি দেই, প্রতিদিন নিজের স্বাধীনতা হারাই, নিত্যদিন লাল আগুনে পুড়ি, প্রতিদিন এ তল্লাটে আমার হৃদয় পোড়ার গন্ধ বিলোই। জানি, এ সবই তোমার কাছে উপেক্ষার কর্পূর, ধুলো ধুলোই মলিন হওয়া কোন সখের বলিদান। 

তোমাকে ভুলে যাওয়ার জন্য হরেক রকম আয়োজন করেছি বহু প্রহরে, কখনো সময়ের হাতে নিজেকে ছেড়ে দিয়ে, কখনো ব্যস্ততার আড়ালে হৃদয়ের সব জানালা দরজা বন্ধ রেখে। কিন্ত কখনো মনে হয়নি তোমার থেকে মুক্তি পেতে যাচ্ছি, বরং প্রতিটি চেষ্টায় আমি বুঝেছি তোমার স্মৃতির মায়াজাল ছিন্ন করা কঠিন, যতটা কঠিন আমাজনের জঙ্গলে পথ হারালে লোকালয়ে ফেরার পথ খুঁজে পাওয়া!  প্রতিদিন গভীর রাতে  নিঃশব্দে আমার সমস্ত অস্তিত্বে তুমি ঘুরে ফিরে এসে কত অবলীলায় নতুন করে আমার মনের দেয়ালে তোমার নাম লিখে যাও।  

বিস্মৃতির পথে যত দূর এগোতে চাই, স্মৃতিরা ততই গোপন পথ খুলে আমাকে তোমার কাছে ফিরিয়ে নেয়। তখন অনুভব করি, তুমি তো আমার ভেতরে লুকিয়ে থাকা অগনিত  ঋতুর বদ্বীপ, তোমাকে কিভাবে ভুলি! তোমাকে অস্বীকার করতে চাইলে তোমার আবির্ভাবের সমারোহ ঘটে, তোমাকে ডাকতে না চাইলেও তোমার পদধ্বনি শুনতে পাই। তুমি অনুপস্থিত, অথচ তোমার শূন্যতাই আমার চারপাশজুড়ে কী আশ্চর্য পূর্ণতা নিয়ে বিরাজ করে, রঙের আবীর ছড়ায়। তোমাকে ভুলে যাওয়ার অনবদ‍্য  শপথ করা না করা সমান। 

তোমাকে ভালোবাসার  এই অদ্ভুত রসায়নই আমার ইচ্ছের বলিদানের জ্বালানীযোগ‍্য উপাদান। সময়ই জানুক, এর শেষ কোথায়, কিংবা আদৌ কোনো শেষ আছে কি না। দুনিয়ার সব প্রেমিক জানে, কিছু মানুষকে পাওয়া যায় না, আবার বিস্মৃতির অতলেও ডুবিয়ে রাখা যায় না। তারা থেকে যায় হৃদয়ের এমন এক নিভৃত কক্ষে, যেখানে সময়েরও প্রবেশাধিকার নেই, স্মৃতিরও নেই কোনো প্রস্থানপথ। তারা আর জীবনের অংশ হয়ে থাকে না, অথচ জীবনের প্রতিটি নিঃসঙ্গ মুহূর্তে অদৃশ্য হয়ে থেকেও গভীরভাবে অনুভূত হয়।

মাধবী,
তোমাকে ঘিরে লেখা অধ্যায়টির শেষ পৃষ্ঠাটি আমি ছিঁড়ে ফেলতে পারব না। শুধু শিখে নেব, কাউকে হৃদয়ের গভীরে রেখেও তার অপেক্ষার বাইরে বেঁচে থাকা যায়। কারণ তোমাকে হারিয়ে ফেলার বেদনা আমার থাকুক, কিন্তু সেই বেদনায় নিজেকে হারিয়ে ফেলা আর নয়। 

আমি হয়তো একদিন তোমার প্রতিদিনের দৃশ্যমান পৃথিবী থেকে ফুরিয়ে যাবো, তোমার সকাল-সন্ধ্যার অভ্যাসে হয়তো আর আমার কোনো উপস্থিতি থাকবে না, তবু নিঃশব্দে তোমার অস্তিত্বের কোথাও আমি রয়ে যাবো কোনো নামহীন অনুভূতি হয়ে, কোনো অকারণ বিষণ্নতা হয়ে, কিংবা হঠাৎ ভালো লেগে যাওয়া কোনো এক অলৌকিক সন্ধ্যা হয়ে। কোনো একদিন হয়তো পরিচিত কোনো সুর শুনে তোমার মন অকারণেই থমকে যাবে, কোনো জোস্না রাতে মনে হবে, কোথায় যেন কিছু একটা অসমাপ্ত রয়ে গেছে। তুমি হয়তো তার নাম খুঁজে পাবে না, অথচ সেই না-পাওয়ার গভীরে আমি থাকব। জানো, সব ভালোবাসার পরিণতি একসঙ্গে পথচলা নয়। 

কিছু ভালোবাসা মানুষের অন্তর্লোকে এমনভাবে শিকড় ছড়ায় যে, বিচ্ছেদও তার অস্তিত্বের অবসান ঘটাতে পারে না। আমি তোমার কাছে ফিরে আসার কোনো দাবি রাখবো না, আমার জন্য কোনো দরজাও খোলা রাখতে বলব না। শুধু এইটুকু জানি, আমাদের যে সময়টুকু একদিন পরস্পরের ভেতর আলো জ্বেলেছিল, তাকে অস্বীকার করার ক্ষমতা সময়েরও নেই। সেখানে আমাদের আর কোনো অভিমান থাকবে না, কোনো প্রত্যাশা থাকবে না; থাকবে শুধু এক অনির্বচনীয় পরমানন্দ -একদিন আমরা পরস্পরের জীবনে সত্যিই ছিলাম। 

ভালো থেকো, আমার প্রানের  মাধবী। নিজের যত্ন নিয়ো। আর কখনো যদি মনে হয়, পৃথিবীর কোথাও একজন মানুষ তোমাকে নিয়ে অকারণেই হাসছে, হঠাৎ মন খারাপ করছে, কিংবা কোনো অচেনা গানের মধ্যে তোমাকে খুঁজে ফিরছে- তাহলে ধরে নিয়ো, আমার ভাবনার ডাকঘরে আজও তোমার নামে একটি চিঠি জমা পড়েছে। 

এখন তোমাকে মনে পড়ছে, আমার অনেক মন খারাপ হচ্ছে, যশোর ডিসি অফিসের সন্মেলন কক্ষ ‘অমৃত্তাক্ষর’- এ যশোরের দুঃখ ‘ভবদহ’ বিলের মিটিং এ বসে গুনগুন করে তোমার জন‍্য গান করতে ইচ্ছে হচ্ছে-
     ‘যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন           
      গলেও যায়, তবুও তুমি আমার..’

লেখক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]