প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ১৩৮)

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা-গাউছিয়া সড়কে ডাকাতের কবলে পড়েছেন প্রখ্যাত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে গাড়িচালকের বিচক্ষণতায় অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তাঁর সফরসঙ্গীরা।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান রফিকুল ইসলাম মাদানি।
লাইভে তিনি বলেন, একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় পৌঁছালে দেখতে পান, ডাকাতেরা সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতি রোধ করার চেষ্টা করছে। এ সময় ডাকাতদের হাতে ধারালো রামদা ও দেশীয় অস্ত্র ছিল।
রফিকুল ইসলাম মাদানি জানান, তাঁদের গাড়িটি ডাকাত দলের কিছুটা পেছনে ছিল। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে বিকল্প পথে চলে যান। এতে তাঁরা নিরাপদে সেখান থেকে সরে যেতে সক্ষম হন।
তবে তাঁদের সামনে থাকা অন্য একটি গাড়ির চালক ও যাত্রীদের কাছ থেকে টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতেরা। ফেসবুক লাইভে তাৎক্ষণিকভাবে সাহায্য ও নিরাপত্তার জন্য আকুতিও জানান এই ইসলামী বক্তা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।