প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ১৭৬)

সংগৃহীত ছবি
টঙ্গীর একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের অনৈতিক আচরণের অভিযোগের ঘটনায় এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামি আলোচক গিয়াস উদ্দিন তাহেরী।
শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শিক্ষার্থীকে শাসন করার অধিকার যদি শিক্ষক রাখেন, শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে অনৈতিক প্রপোজ করলে সেই শিক্ষকের গালে থাপ্পড় দেওয়ার অধিকারও শিক্ষার্থীর বাবা রাখেন।’
তাহেরীর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। একই সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগের ক্ষেত্রে আইনি ও সামাজিক পদক্ষেপের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এ বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুজাম্মিল হক মাসুমী তাহেরীর বক্তব্যের প্রশংসা করেছেন। তিনি বলেন, “যেকোনো ক্রাইসিস মুহূর্তে তাহেরী হুজুরের সাহসী ও সুচিন্তিত বক্তব্য জাতিকে পথ দেখায়। ভণ্ডদের লেবাস খুলতে তাহেরী হুজুরের জুড়ি নেই।”
তাহেরীর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট ঘটনায় শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।