
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (শেখ হাসিনা) আসিব আসিব বলেন। একবার বলেছেন নভেম্বরে আসবেন, আবার বলেছেন ডিসেম্বরে আসবেন। তিনি কবে আসবেন, তা আমাদের জানা নেই। এ নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই, সরকার কোনো চাপেও নেই।’
শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁর দেশে ফেরার সুযোগ রয়েছে। এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব কর্মকর্তা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন এবং কয়েকজনের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত, অভিযোগপত্র দাখিল ও বিচারিক কার্যক্রম শেষ হলে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তারা শ্রমিক নন। প্রকৃত শ্রমিকেরা তাঁদের সঙ্গে নেই। এসব আন্দোলনের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন ও শাটডাউনের কর্মসূচি দিচ্ছে। তবে দেশের মানুষ এসব কর্মসূচি বাস্তবায়ন করতে দেবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সরকার কৌশলগতভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
গণহত্যা চালিয়ে ক্ষমতাচ্যুত হওয়া ফ্যাসিস্ট শক্তিগুলো আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি কোনো ধরনের প্রাণহানি ছাড়াই মোকাবিলা করা হয়েছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।