প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ৬৪)

সংগৃহীত ছবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি সাড়ে ৪ হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মজুরি বৃদ্ধির বিষয়ে বোর্ডের সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় ভোটের মাধ্যমে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে শুরু হওয়া বৈঠক চলে গভীর রাত ২টা পর্যন্ত। টানা ১২ ঘণ্টার আলোচনা শেষে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বৈঠক শেষে ব্রিফিংয়ে নতুন মজুরি কাঠামোর ঘোষণা দিয়ে চেয়ারম্যান আজাদ সুবহানী বলেন, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে সর্বনিম্ন গ্রেড বা চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়।
তিনি জানান, সর্বসম্মতিক্রমে গ্রেড-১-এর ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণে গোপন ভোটে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫-এর ১২৯(১) ধারা অনুযায়ী, উপস্থিত সদস্যদের ভোটের ভিত্তিতে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক ন্যূনতম মাসিক বেতন হলো-
গ্রেড-১: ২১ হাজার ৫০০ টাকা
গ্রেড-২: ২০ হাজার টাকা
গ্রেড-৩: ১৯ হাজার ২০০ টাকা
গ্রেড-৪: ১৭ হাজার টাকা
এর মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের দীর্ঘ আলোচনার অবসান হলো।