রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দিনাজপুরে আবাসিক এলাকায় কুকুরের খামার, দুর্গন্ধ ও শব্দদূষণে ভোগান্তি!   ঝিকরগাছায় কোটি টাকার বই বাণিজ্যের টার্গেট    মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য   টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার   ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১, আহত অন্তত ২৮   পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড   তৃণমূলের শক্তি বাড়াতে বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে বিএনপি   
মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম   (ভিজিট : ২৩)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

তবে তাঁর পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও সাক্ষীর নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। আইন অনুযায়ী সাক্ষীর নাম জানানোর বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

এ মামলায় প্রসিকিউশনের ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তাঁর জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।

এর আগে গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জবানবন্দি দেন। সেখানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। তাঁর দাবি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক তদন্ত পরিচালনা করা হতো।

তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালকে জানান, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের আশ্রয় নেওয়া হয়েছিল। এসব তদন্তের প্রতিবেদন তৈরির জন্য মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে কর্মকর্তাদের দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করানো হতো। এর মূল উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের দায়মুক্তি দেওয়া।

জবানবন্দি দেওয়ার পর টানা কয়েক দিন রফিকুল ইসলামকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি আইনজীবী প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল।

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে সজলসহ তিনজনকে হত্যার ঘটনা। প্রসিকিউশনের দাবি, ওই হত্যাকাণ্ডের সময় জিয়াউল আহসান সরাসরি উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, বরগুনার বলেশ্বর নদী এবং বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]