রবিবার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি সোনার পেস্টসহ আটক ৩   গাজীপুরে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন   আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনে ঐকমত্য হবে সরকার-বিরোধী দল: প্রতিমন্ত্রী   সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমান   প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে আছে ফ্যাসিস্টের দোসররা: রিজভী   নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগের খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর   গণভোটের রায় মানলেই আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত   
বিচার বিভাগের স্বাধীনতা বিচারকের নৈতিক সাহস ও বিবেকের ওপর নির্ভরশীল: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ৮০)

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে বিচারকদের দৃঢ় ব্যক্তিত্ব, নৈতিক সাহস ও বিবেকবোধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেও বিচারকরা যদি নিজেদের বিবেক ও ন্যায়বোধের ভিত্তিতে পরিচালিত না হন, তাহলে প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব নয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ধরনের চাপ, প্রভাব ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। একজন বিচারকের সবচেয়ে বড় দায়বদ্ধতা তাঁর নিজের বিবেকের কাছে। তাই আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীন বিচারিক চিন্তার চর্চা জরুরি।

বিচারিক চিন্তার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রচলিত আইন, নজির ও আইনি নীতিমালা অনুসরণের পাশাপাশি মামলার বাস্তবতা, সামাজিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হবে। এ ক্ষেত্রে বিচারকদের নিজস্ব প্রজ্ঞা ও সুবিবেচনার প্রয়োগ প্রয়োজন। কারণ, বিচারিক আদালতের সিদ্ধান্ত ও যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি তৈরি করে।

তিনি আরও বলেন, সমাজের পরিবর্তিত পরিস্থিতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্য ও বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট উপেক্ষা করা উচিত নয়। এ জন্য বিচারকদের আইনি জ্ঞানের পাশাপাশি চিন্তার গভীরতা ও দূরদর্শিতা অর্জন করতে হবে।

বিচারকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের স্বাতন্ত্র্য তুলে ধরে আইনমন্ত্রী বলেন, একজন বিচারক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের অবস্থান তুলনা না করে বিচারিক দায়িত্বের মর্যাদা ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।

বিচারকদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিচারকদের পেশাগত মর্যাদা ও আদালতের শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নিতে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে। ব্যক্তিগত সম্পর্ক বা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বার্থ তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের বিচারকদের হাত ধরেই আগামী দুই দশকে দেশের বিচার বিভাগ আরও এগিয়ে যাবে। বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং তা সুদৃঢ় করার দায়িত্ব বিচারকদেরই নিতে হবে। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, আইন কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হক, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]