সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়াত মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা জীবনের প্রায় পুরোটা সময় ঢাকা সেনানিবাসে কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গৌরবের সঙ্গে অংশ নিয়েছেন। ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর জীবনের শেষ অনুষ্ঠান।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবসের এই সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি দিনটিকে আরও আনন্দময় ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তবে ব্যক্তিগত কারণে আজকের অনুষ্ঠানে এসে তিনি কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েছেন।
মায়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের প্রায় পুরোটা সময় এই সেনানিবাসেই কাটিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী, আবার কখনো জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে সগৌরবে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তাঁর মায়ের জীবনের শেষ অনুষ্ঠান। এবারের আয়োজনে এসে বারবার সেই স্মৃতির কথা মনে পড়ছে।
এ সময় মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান তারেক রহমান। তিনি বলেন, আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছেন। একজন সন্তান হিসেবে তিনি সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া প্রার্থনা করছেন।
সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় ইতিহাস ও জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিবসগুলোর মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম।
তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ শুরু করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা।
মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গঠন ও বিকাশ ঘটেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি সেনাবাহিনীর জন্য অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে অনুপ্রেরণার উৎস।