
সংগৃহীত ছবি
পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি, বিশ্বখ্যাত ফকিহ ও মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির এক সপ্তাহের বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। বাংলাদেশে মুফতি তাকি উসমানির সফরের অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন তিনি।
মুফতি মিজানুর রহমান সাঈদ জানান, পাকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মুফতি তাকি উসমানিকে সফর স্থগিতের বিষয়টি জানানো হয়। পরে তিনি বিশ্ব ইসলামি ফিকহ একাডেমির সদস্য ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদকে বিষয়টি অবহিত করেন।
সংবাদ সম্মেলনে মিজানুর রহমান সাঈদ বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় সফরটি স্থগিত করতে হয়েছে। তবে মুফতি তাকি উসমানির ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ সফরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
তিনি আরও বলেন, সরকার চাইলে এখনো মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি শাহজালাল আল হাবিবী, মুফতি রফিকুল ইসলাম আশরাফী ও মাওলানা ইমরান হোসাইন আনসারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মুফতি তাকি উসমানি বিখ্যাত তাফসিরগ্রন্থ ‘মাআরিফুল কোরআন’-এর রচয়িতা মুফতি শফি উসমানির ছেলে। তিনি সমসাময়িক বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। হাদিস, ইসলামি ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ এই আলেম ইসলামি অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলা উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের কেন্দ্রীয় শরিয়াহ আদালতের বিচারপতি ছিলেন। পরে ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেন।
কোরআনের তাফসির, ইসলামি অর্থনীতি, আইন, রাজনীতি ও তাসাউফসহ বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ রয়েছে। এসব বইয়ের বেশ কয়েকটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।