
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। সংবিধান ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন, এটাই জাতির প্রত্যাশা।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ বাংলাদেশের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর সেই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।
রাষ্ট্রপতি আরও বলেন, এই গৌরবময় দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।
মির্জা ফখরুল বলেন, ধারাবাহিক এসব উদ্যোগের ফলে সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
বাণীর শেষাংশে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।