শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ৪১)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানার সামনে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় ক্ষোভ প্রকাশ করে জ্যোতি বলেন, ‘এটা কেমন আদেশ? এটা কি আগে থেকেই সাজানো ছিল?’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন। এর আগে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেল ৫টা ৪০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জ্যোতিকে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় তোলার পর তার হাতকড়া, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়। হেলমেট খোলার পরপরই কাঠগড়ার রেলিং ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এর প্রায় দুই মিনিট পর বিচারক এজলাসে আসেন। পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন এবং আসামিপক্ষ থেকে জামিনের আবেদন না থাকায় জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে এজলাস ত্যাগ করেন বিচারক।

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে জ্যোতি বলেন, ‘এ কেমন আদেশ হলো? উনি তো আমার কোনো কথাই শুনলেন না। এটা কি আগে থেকেই সাজানো ছিল? আমাকে কেন গ্রেপ্তার করা হলো, কোন মামলায়—কিছুই জানি না। কী অপরাধ আমার? সারাদিন আমার পরিবারের কারও সঙ্গেও কথা বলতে দেওয়া হয়নি।’

পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সদস্যরা তাকে আদালত ভবনের নিচে নিয়ে গাড়িতে তোলেন। গাড়িতে ওঠানোর সময় সাংবাদিকদের উদ্দেশে জ্যোতি বলেন, ‘আপনারা বলে দিয়েন, এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তারের কোনো কারণ দেখাতে পারেনি।’ এ সময় নারী পুলিশ সদস্যরা তার মুখের সামনে হেলমেট ধরে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যান।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকাকে গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে হত্যাচেষ্টা মামলা করেন এনামুল হক। এ মামলার ২১৬ নম্বর এজাহারভুক্ত আসামি জ্যোতিকা জ্যোতি।

মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়েছে। অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। এ মামলায় অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া জামিনে রয়েছেন।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]