শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬ ● ৫ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোনাম: দুপুরে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, ঝড়বৃষ্টির শঙ্কা ১০ জেলায়   সাত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন গ্রেপ্তার   এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের   জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর   হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি   আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু   নড়াইলে আওয়ামী লীগের হামলায় নিহত কৃষকদল ও জাসাস নেতার দাফন সম্পন্ন   
এবার শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাসহ পাসপোর্টের আবেদন আইনজীবীদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে উদ্যোগ নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে এবার তার স্বাক্ষরযুক্ত অনুমতিপত্রসহ পাসপোর্টের আবেদন করেছেন আইনজীবীরা। এ বিষয়ে জানতে চেয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হয়েছে লন্ডনের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাঠানো দ্বিতীয় ই-মেইলে সংস্থাটি জানতে চেয়েছে, শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি পুনরুদ্ধারে কী ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত ওকালতনামাও সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তার পক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক অনুমতিও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ৯ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছিল ম্যাট্রিক্স চেম্বারস। ওই আবেদনে শেখ হাসিনার বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তবে প্রথম ই-মেইলের সঙ্গে তার স্বাক্ষরিত কোনো অনুমতিপত্র ছিল না। দ্বিতীয় দফার আবেদনে সেই স্বাক্ষরযুক্ত নথি যুক্ত করা হয়েছে।

ম্যাট্রিক্স চেম্বারসের দাবি, সংবাদমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছে, আগের ই-মেইলটি হাইকমিশন গ্রহণ করেছে। তবে গত ১০ দিনেও কোনো জবাব না পাওয়ায় প্রয়োজনীয় তথ্য জানতে আবারও আবেদন করেছে সংস্থাটি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর দুই দিনের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

ভারতে অবস্থান করলেও বাংলাদেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় পরিচয়পত্র ও ভ্রমণসংক্রান্ত নথি ফিরে পাওয়ার বিষয়টি এখন শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তবে পাসপোর্ট ও এনআইডি ফেরত পেতে তার এই উদ্যোগে সাড়া দেওয়ার কোনো ইঙ্গিত এখনো দেয়নি ঢাকা। বরং চলতি মাসের ৯ তারিখে পাসপোর্ট ফেরত চেয়ে আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর সরকারের একাধিক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই।

সরকারের অবস্থান হলো, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তাকে ভারতের কাছ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।

২০২৫ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ ইস্যুতে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়েছে। ঢাকা বারবার তাকে ফেরত পাঠানোর দাবি জানালেও নয়াদিল্লি বিষয়টি আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনার কথা জানিয়েছে।

এমন পরিস্থিতিতে পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ করে শেখ হাসিনার এই উদ্যোগকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটি কেবল প্রয়োজনীয় নথি পুনরুদ্ধারের চেষ্টা, নাকি বাংলাদেশে ফেরার সম্ভাব্য আইনি প্রস্তুতি, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। তবে পাসপোর্ট ফিরে পেলেই তার দেশে ফেরার পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে না।

একদিকে বাংলাদেশের প্রত্যর্পণের দাবি, অন্যদিকে তার বিরুদ্ধে দেওয়া আদালতের রায়, সব মিলিয়ে জটিল আইনি ও কূটনৈতিক পরিস্থিতির মুখে রয়েছেন শেখ হাসিনা। ডিসেম্বর মাসে তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেও বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

এদিকে, শেখ হাসিনার স্বাক্ষর নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। তিনি সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না বলে দাবি করে কেউ কেউ নতুন করে জমা দেওয়া স্বাক্ষরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ম্যাট্রিক্স চেম্বারসের নিজস্ব ওয়েবসাইটে ব্যারিস্টার স্টিভেন পাওলস কেসিকে শেখ হাসিনার আইনি প্রতিনিধি হিসেবে উল্লেখ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর প্রকাশিত এক ঘোষণায়ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পক্ষে তার আইনি প্রতিনিধিত্বের বিষয়টি স্পষ্ট করা হয়।

যুক্তরাজ্যের পরিচিত আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারসের যাত্রা শুরু ২০০০ সালের মে মাসে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি বুথসহ ২০ জনের বেশি জ্যেষ্ঠ ব্যারিস্টার প্রতিষ্ঠানটির উদ্যোক্তা। লন্ডনের গ্রে’স ইন এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভা ও বেলজিয়ামের ব্রাসেলসেও এর শাখা রয়েছে।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]