
সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নামে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা চালিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘আপনারা এই দেশের সন্তান। কিন্তু আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, দেশের সম্পদ ধ্বংস ও থানায় আগুন দেওয়ার মতো কর্মকাণ্ড কোন ধরনের রাজনীতি? রাজনীতি হওয়া উচিত মানুষের ও দেশের কল্যাণের জন্য। আপনাদের কর্মকাণ্ডে মানুষের কল্যাণের রাজনীতির প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং এটিকে দেশ ধ্বংসের চক্রান্ত বলেই মনে হচ্ছে।’
তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলের জন্ম এ মাটিতে। দেশের প্রতি ভালোবাসা ঈমানের অংশ। তাই সবাইকে ব্যক্তিস্বার্থ, দলীয় স্বার্থ ও ক্ষমতার লোভ পরিহার করে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ইসলামকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করা গেলে দেশে আবারও স্বর্ণযুগের পরিবেশ তৈরি সম্ভব। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নীতি-আদর্শ দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, বর্তমানে ইসলামই একমাত্র কার্যকর নীতি ও আদর্শ।
ইসলামবিদ্বেষী চক্রের সমালোচনা করে তিনি বলেন, ইসলাম ভয়ের কোনো বিষয় নয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামে এমন নীতি ও আদর্শ রয়েছে, যেখানে একটি পিঁপড়ারও স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। এ আদর্শ অনুসরণ করলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব।
স্বাধীনতার ৫৫ বছর প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লাখো মানুষ জীবন দিয়েছেন। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতায় আসা ব্যক্তিরা জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরং অন্যের অনুসারী হয়ে দেশ পরিচালনা করেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য দূর করে দেশকে সুন্দরভাবে গড়ে তোলার প্রত্যাশায় হাজারো তরুণ, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। কিন্তু আবারও জনগণ ভুল সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতার পরিবর্তন হলেও পুরোনো ব্যবস্থারই নতুন রূপ দেখা যাচ্ছে।
বিএনপি সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ক্ষমতায় আসার আগে ও নির্বাচনের সময় বিএনপি জাতির সামনে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। রাষ্ট্র সংস্কার ও গণভোটের মাধ্যমে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কথাও বলেছিল। কিন্তু প্রায় এক বছর হতে চললেও প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি প্রশ্ন রাখেন, জনগণকে উপেক্ষা করে এবং তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে কীভাবে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা সম্ভব?
ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।
সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়।