
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালন করছেন তিনি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘ রাজনৈতিক পথচলা, কারাবাস ও প্রবাসজীবনের নানা অধ্যায় পেরিয়ে বর্তমানে তিনি দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন ও রাজনীতিতে হাতেখড়ি
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তিনি। ওই সময় দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হওয়ার পর দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা আরও বাড়ে।
কারাবাস থেকে দীর্ঘ নির্বাসন
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় কারাগারে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তার। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় তার দীর্ঘ প্রবাসজীবন।
লন্ডনে অবস্থান করেই বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় নেতৃত্বে সক্রিয় থাকেন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দীর্ঘ প্রবাসজীবনে বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দেন তিনি।
দেশে প্রত্যাবর্তন ও প্রধানমন্ত্রীর দায়িত্ব
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সক্রিয় হন তিনি।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়ী হন তারেক রহমান। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
জন্মদিনের আয়োজন
দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন।