প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩০ পিএম (ভিজিট : ৬০)

সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায়। তারা নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে। একই সঙ্গে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, অতীতে ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির অংশ। দলটি আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে তারা ক্ষমতায় ফিরতে চায়। এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সব পক্ষের সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে পাঠ্যসূচিতে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।