মনিরুল ইসলামের স্বপদে ফেরার খবরে নড়াইলে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস, এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও স্বস্তির আবহ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম (ভিজিট : ১৩৪)

নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় এ সিদ্ধান্তের খবরে নড়াইলে তাঁর অনুসারী, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়েও এ সিদ্ধান্তকে ঘিরে সন্তোষ ও আনন্দের আবহ বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে মোঃ মনিরুল ইসলামকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পূর্বের পদে অর্থাৎ নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
মনিরুল ইসলামের পুনর্বহালের খবরে তাঁর সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা নড়াইল জেলা বিএনপির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সহায়ক হবে।
দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে নড়াইলের স্থানীয় রাজনীতিতে মোঃ মনিরুল ইসলামের পুনরায় দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বার্তার মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং তাঁকে স্বপদে পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।