প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ৮০)

সংগৃহীত ছবি
ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা ও উন্মাদনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উপভোগ করতে দর্শকদের আগ্রহও থাকে বরাবরই তুঙ্গে। এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশে আয়োজিত এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর মঞ্চেও।
মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গ্যালারিতে বসে খেলা দেখার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতেও সময় কাটান তিনি।
ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে তার আনন্দঘন সময় কাটানোর মুহূর্তগুলোতে ছিল বাড়তি উচ্ছ্বাস। দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় হাইকমিশনারের উপস্থিতি আয়োজনটিতে যোগ করে ভিন্ন মাত্রা।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযুক্ত ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সক্ষমতাও আলোচনায় এসেছে। ভারত-পাকিস্তান ম্যাচের আগের দিন সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়ামটি পরিদর্শন করেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধি দল। ২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগে প্রস্তুতি ম্যাচ আয়োজনের সম্ভাব্য ভেন্যু হিসেবে স্টেডিয়ামটির সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে প্রতিনিধি দল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম, সুইমিংপুল, সম্প্রচার ব্যবস্থা, চিকিৎসাসেবা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তা অবকাঠামো ঘুরে দেখে। বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইসিবির প্রতিনিধিরা।
পরিদর্শন শেষে এ বিষয়ে নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে ইসিবি। এরপরই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামকে বেছে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতার শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।