প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিনের শুরুতে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে প্রথম সেশন ভালোভাবেই পার করে সফরকারীরা। দ্বিতীয় সেশনের শুরুতে আবারও ধাক্কা খায় বাংলাদেশ। কাগিসো রাবাদার একই ওভারে দুই উইকেট হারালেও লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন হৃদয়। তাঁদের দৃঢ়তায় চা বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি দল।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৮৪ রান। ৬৬ রানে তাওহীদ হৃদয় এবং ৩০ রানে লিটন দাস অপরাজিত রয়েছেন।
জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। তবে অভিষেকের শুরুটা মোটেও সুখকর হয়নি তাঁর। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই গালিতে মার্কো জানসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক ইনিংসের প্রথম বলেই আউট হওয়ার নজির গড়েন রবিন।
এরপর সাত বল খেলে রানের খাতা খোলার আগেই রাবাদার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল হক। ডিফেন্ড করতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে বসেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক শান্ত শুরুতে ইতিবাচক ছিলেন। তবে রাবাদার ইনসুইংয়ে পরাস্ত হয়ে অফ স্টাম্প হারান তিনি। ২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন শান্ত।
এরপর উইকেটে থিতু হয়ে প্রতিরোধ গড়েন হৃদয় ও তানজিদ। দুজনের ব্যাটিংয়ে চাপ কাটিয়ে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। এ সময় নিজের অর্ধশতকও পূর্ণ করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁদের জুটিতে যোগ হয় ৯৯ রান।
তবে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারেননি তানজিদ। রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন এই ওপেনার। পরের বলেই স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিকুর রহিম।
পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই চাপ সামাল দেয় সফরকারীরা। এরই মধ্যে ফিফটি পূর্ণ করেছেন হৃদয়। লিটনকে সঙ্গে নিয়ে দলকে আরও ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করছেন তিনি।