
সংগৃহীত ছবি
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে চোটের কারণে একের পর এক ক্রিকেটার হারাচ্ছে নিউজিল্যান্ড। এবার সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার। ফলে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কিউইরা।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ডান পায়ের কাফ মাসলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি ফার্গুসন। তার পেশিতে নিম্নমাত্রার ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। এ কারণে ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না এই পেসারের।
অন্যদিকে, ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেলমেটে আঘাত পান ব্লেয়ার টিকনার। পরে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে খেলেন ম্যাট ফিশার। পরবর্তী পরীক্ষায় টিকনারের কনকাশন ধরা না পড়লেও আইসিসির নিয়ম অনুযায়ী তাকে সাত দিনের বাধ্যতামূলক বিরতিতে থাকতে হবে। ফলে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না এই পেসারও।
টিকনারের পরিবর্তে হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডের আগেই দলে ডাকা হয়েছে বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে। সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে আগে থেকেই ছিলেন তিনি।
এদিকে, চোটের কারণে মাঠের বাইরে থাকা ম্যাট হেনরির ফেরার সম্ভাব্য সময়ও জানিয়েছে এনজেডসি। মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিতব্য চতুর্থ ওয়ানডের মাধ্যমে তাকে দলে ফেরানোর পরিকল্পনা রয়েছে। সিরিজ শুরুর আগে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে পড়েছিলেন হেনরি। যদিও তার কনকাশন হয়নি, তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান উরুর পেশিতে নিম্নমাত্রার চোট ধরা পড়ে।
তৃতীয় ওয়ানডের পর ওয়েলিংটনে টেস্ট দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল হেনরি ও কাইল জেমিসনের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে চতুর্থ ওয়ানডের জন্যও দলের সঙ্গে থাকবেন তারা। একই সঙ্গে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে আরও দুই ক্রিকেটার যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
তৃতীয় ওয়ানডের পর বুধবার টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে ওয়েলিংটনে চলে যাবেন টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ। আসন্ন টেস্ট সিরিজের দলও শিগগির ঘোষণা করা হবে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে বাকি তিন ম্যাচেই জিততে হবে স্বাগতিকদের। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ৩-২ ব্যবধানে হেরেছে কিউইরা।
চোটের কারণে ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। এ ছাড়া কাঁধের চোটে রাচিন রবীন্দ্র এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মার্ক চ্যাপম্যানও দলের বাইরে রয়েছেন। সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে কঠিন সময় পার করছে নিউজিল্যান্ড।
তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়ং।
চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট ও উইল ইয়ং।