
সংগৃহীত ছবি
প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের সরকারি উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি নির্ধারিত এলাকায় একজন নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা প্রয়োজন। বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এ থেকে পাওয়া সীমিত আয়ের ওপর ভ্যাট ও ট্যাক্স পরিশোধের পর পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে এবং জীবিকা নির্বাহে সংকট তৈরি হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিকাহ রেজিস্ট্রারদের জীবিকা ও পেশাগত অধিকারের ওপর আঘাত এলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। প্রয়োজনে সারা দেশের নিকাহ রেজিস্ট্রাররা পরিবার-পরিজন নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর নিকাহ রেজিস্ট্রাররা জেল-জুলুম, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এখন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে একটি ষড়যন্ত্রকারী মহল আইন মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে।
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিয়ে নিবন্ধন ফি বৃদ্ধি, নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন বন্ধ এবং বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ। পাশাপাশি মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারা দেশের নিকাহ রেজিস্ট্রারদের মধ্য থেকে অন্তত দুজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, এসব যোগ্যতা বিবেচনা না করে শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
এদিকে, একই দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। সোমবার মানববন্ধন শেষে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেয়। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখার দাবি জানানো হয়। এতে বলা হয়, কোনোভাবেই বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের পরিবর্তে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৪০০টি নিকাহ রেজিস্ট্রারের পদ শূন্য রয়েছে। এসব পদে যোগ্যতার ভিত্তিতে আলেম-ওলামাদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯-এর ১৩ নম্বর বিধি অনুযায়ী বিদ্যমান এলাকা বহাল রাখা এবং বিয়ে নিবন্ধন ফি বাড়ানোর দাবি জানানো হয়।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা, নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান, একে এম বদরুল হক, জোবায়ের ইবনে সালেহ ও আজিজুর রহমান সুমন।