
সংগৃহীত ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। প্রচলিত আইন, বিধি ও প্রথা মেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সংসদের সরকারদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে শেখ হাসিনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’
বৈঠকে স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়ন প্রকল্প, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে আইন, বিধি ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
অন্যদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চাইলে তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। শেখ হাসিনা চাইলে ভারত সরকারের কাছে ওই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করার কথাও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এবারই প্রথম শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি-সংক্রান্ত আবেদনের খবর প্রকাশ্যে এসেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তার দেশে ফেরা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।