মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৫ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ভারতের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন ফার্গুসন-টিকনার, দলে একাধিক পরিবর্তন   জ্বালানি সংকটে পোশাকশিল্পের উৎপাদন কমেছে ৩০ শতাংশ, সংসদে আলোচনার দাবি   নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত   যাত্রাবাড়ীতে পাঁচটি ককটেলসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ   ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যত শেষ, নতুন হামলার প্রয়োজন দেখছেন না ট্রাম্প   বাংলাদেশ-সৌদি হজ চুক্তি স্বাক্ষর, ২০২৭ সালে কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ জন   মধ্যরাতের পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, যান চলাচল বন্ধ ও গাড়ি ভাঙচুর   
নিজেদের সামর্থ্যের অর্ধেকও খেলতে পারেনি বাংলাদেশ, স্বীকার করলেন শান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১১ এএম   (ভিজিট : ২৫)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট ড্র হলেও দলের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, স্পিনসহায়ক উইকেটের প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও কাঙ্ক্ষিত কন্ডিশন পাওয়া যায়নি। পাশাপাশি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় প্রথম টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টেও পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন করতে পারেনি দল।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শান্ত। ম্যাচের চতুর্থ ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্য পেলেও তা তাড়া করার পরিবর্তে পুরো দিন ব্যাটিং করাই ছিল বাংলাদেশের মূল পরিকল্পনা বলে জানান তিনি।

শান্ত বলেন, ‘যখনই এরকম টোটাল টার্গেট হয়েছে, তখনই আমরা পরিকল্পনা করেছি কীভাবে আজকের দিনটা সারাদিন ব্যাটিং করতে পারি। ওটাই লক্ষ্য ছিল। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাটিংটা করতে পেরেছি।’

সিরিজে বাংলাদেশের পরিকল্পনা ছিল স্পিনসহায়ক উইকেটে খেলার। সে অনুযায়ী দুই টেস্টেই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজানো হয়েছিল। তবে প্রত্যাশা অনুযায়ী উইকেটের আচরণ না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হয়েছে বলে স্বীকার করেন অধিনায়ক।

প্রথম টেস্টে হারের পেছনে কন্ডিশনের চেয়ে নিজেদের পারফরম্যান্সের ঘাটতিকেই বেশি দায়ী করছেন শান্ত। তার মতে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোনো বিভাগেই দল প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয়, কন্ডিশনের কারণে আমরা হারিনি। আমার মনে হয়, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই ভালো করিনি। এ কারণেই ম্যাচটা হেরেছি। পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু বাস্তবায়ন ঠিকমতো হয়নি।’

সিলেটের উইকেট নিয়েও প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য ছিল বলে জানান বাংলাদেশ অধিনায়ক। চতুর্থ ও পঞ্চম দিনেও উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক থাকায় স্পিনাররা প্রত্যাশিত সুবিধা পাননি। এমন উইকেটের ধারণা আগে পাওয়া গেলে একাদশে একজন বাড়তি পেসার খেলানো যেত বলেও মনে করেন তিনি।

শান্তর ভাষায়, ‘এরকম উইকেট চাওয়া ছিল না। যদি এরকমই হতো, হয়তো আমরা আরও একজন অতিরিক্ত পেসার নিয়ে খেলতে পারতাম। চিন্তা ছিল স্পিন হয়তো আরেকটু আগে থেকে ধরবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’

ভবিষ্যতে দেশের মাঠে নিজেদের চাহিদা অনুযায়ী কন্ডিশন তৈরির বিষয়ে আরও সতর্ক ও পরিকল্পিত হওয়ার পরামর্শ দিয়েছেন অধিনায়ক। এ ক্ষেত্রে উইকেটের ধরন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আগেভাগে আরও কার্যকর আলোচনা করে নিজেদের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করার ওপর গুরুত্ব দেন তিনি।

সিরিজ শুরুর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। সেই আলোচনা দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছিল কি না, এমন প্রশ্নে শান্ত নিজেদের পারফরম্যান্সের দুর্বলতাকেই সামনে আনেন। তার মতে, অতিরিক্ত চিন্তার কারণে নয়, বরং মাঠে ভালো ক্রিকেট খেলতে না পারাই প্রত্যাশিত ফল না পাওয়ার প্রধান কারণ।

তিনি বলেন, ‘প্লেয়াররা তো আমার মনে হয় না ওভারথিংক করেছে। আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, আমরা যেভাবে এই ফরম্যাটটা খেলছিলাম, তার ৫০ শতাংশও ক্রিকেট খেলতে পারিনি। আমরা যদি পরিকল্পনা ও বাস্তবায়ন ভালো করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। তবে শান্তর বক্তব্যে স্পষ্ট, কন্ডিশন কিংবা পরিকল্পনার সীমাবদ্ধতাকে এককভাবে দায়ী করতে চান না তিনি। বরং পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন এবং ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই উন্নতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।










  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]