প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিট : ৬১)

সংগৃহীত ছবি
সকালের ঝলমলে আলোয় ব্যাটিংয়ের জন্য ছিল দারুণ অনুকূল পরিবেশ। দিনের শুরুতে ভালো করার ইঙ্গিত দিলেও কিছুক্ষণের মধ্যেই ব্যাটিং ধসে বিপাকে পড়ে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রেখে তাওহিদ হৃদয় তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তবে দলীয় পরিস্থিতি এখনো বেশ নাজুক।
সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৫ রান। সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় কার্যত ৮ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
১৭১ বলে ১০০ রান করে অপরাজিত আছেন হৃদয়। অন্য প্রান্তে তাঁর সঙ্গী তাইজুল ইসলাম, করেছেন ১ রান। দিনের প্রথম সেশনে ১১৭ রান যোগ করতে গিয়ে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকন।
আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতে বেশ স্বাচ্ছন্দ্যেই রান তুলছিলেন হৃদয় ও মুশফিকুর রহিম। ক্যারিবীয় বোলারদের আলগা ডেলিভারির সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটার। একপর্যায়ে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পাশাপাশি জুটিতেও পঞ্চাশ রান যোগ করেন হৃদয়।
তবে ভালো খেলতে থাকা মুশফিককে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ারিকন। শর্ট মিড-অফে ফিল্ডার রেখে বল করছিলেন তিনি। ড্রাইভ করতে গিয়ে সেই ফিল্ডারের হাতেই ক্যাচ তুলে দেন ৩৪ রান করা মুশফিক।
ক্রিজে এসে দুটি চার মেরে ভালো শুরুর আভাস দিয়েছিলেন লিটন দাস। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। আলতো শটে মুশফিকের মতো একই জায়গায় ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। রোস্টন চেজের বলে স্কুপ করতে গিয়ে দুর্দান্ত এক ক্যাচের শিকার হন তিনি। স্লিপ থেকে দ্রুত লেগ স্লিপে সরে অসাধারণ দক্ষতায় ক্যাচটি নেন জাস্টিন গ্রিভস।
এরপর ওয়ারিকনের শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। ফলে দ্রুতই শেষের দিকে চলে আসে বাংলাদেশের ইনিংস।
তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। সেশনের শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শতরান ছুঁয়ে ব্যাট উঁচিয়ে উদ্যাপনে মাতেন এই ডানহাতি ব্যাটার। দল বিপদে থাকলেও ব্যক্তিগত অর্জনে স্মরণীয় হয়ে থাকল তাঁর ইনিংস।