প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ৩২)

সংগৃহীত ছবি
রাজধানীর শ্যামলীতে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও জোরপূর্বক চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ডিজিএফআইয়ের দুই সেনাসদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সামরিক আদালতে (কোর্ট মার্শাল) দোষী সাব্যস্ত হওয়ায় তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরখাস্ত হওয়া দুই সেনাসদস্য হলেন সার্জেন্ট আল মামুন ও ল্যান্স করপোরাল নুরুজ্জামান।
এর আগে, গত ২৫ অক্টোবর রাজধানীর শ্যামলীর মোটরসাইকেল ব্যবসায়ী মো. শরীফকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে সোহেল রানা নামে এক আনসার সদস্য মোটরসাইকেল কেনার কথা বলে শরীফকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় ডেকে নেন। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা।
পরে শরীফকে নিয়ে যাওয়ার সময় শিশু হাসপাতালের সামনে পুলিশের চেকপোস্টে তিনি সহায়তা চান। এ সময় পুলিশ ছয়জনকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী শরীফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন আনসার সদস্য সোহেল রানা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলাম।
গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে ছয় আসামিকেই কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ডিজিএফআইয়ের দুই সদস্যকে সামরিক কর্তৃপক্ষের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
এরপর তাদের বিরুদ্ধে সামরিক আদালতে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। সেখানে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের চাকরি থেকে বরখাস্ত এবং প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।