প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পিএম (ভিজিট : ৭২)

সংগৃহীত ছবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদে দীপ বেশ কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং কয়েকটি বিষয়ে নীরব ছিলেন। তবে মামলার ঘটনা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে দীপ তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাহসিফ, দীপ ও মামলার আরেক সন্দেহভাজন তরুণী বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। একপর্যায়ে ওই তরুণী বাসায় ফিরে যান।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় যান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে পৌঁছালে কয়েকজন লোকের উপস্থিতি দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে পুলিশ আটটি কারণ উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে দীপের উপস্থিতিতে সিসিটিভি ফুটেজ যাচাই ও বিশ্লেষণ, নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানের সময় ১৫ থেকে ২০ মিনিটের জন্য তিনি কোথায় গিয়েছিলেন এবং কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তা শনাক্ত করা। এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) পর্যালোচনার কথাও বলা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, হত্যার রহস্য উদঘাটন, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার, আলামত উদ্ধার, হত্যার উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ এবং হত্যাকাণ্ডের স্থান নির্ধারণের জন্য দীপকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট-সংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম ৩১ অক্টোবর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে তাহসিফের বন্ধু দীপকে গ্রেফতার দেখায় পুলিশ। মামলাটির তদন্ত করছে নৌ-পুলিশ।