সোমবার ● ২ নভেম্বর ২০২৬ ● ১৭ কার্তিক ১৪৩৩

শিরোনাম: ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে, সরকারের কঠোর অবস্থান চান জামায়াত আমির   কাঙ্ক্ষিত দাম না পেয়ে আবুধাবিতে ফেরত নেওয়ার চেষ্টা, ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম জব্দ   সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান   শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী   সিলেট টেস্টে জয়ের প্রত্যাশা জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্যামি   মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন   দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলো দিলীপ আগরওয়ালাকে   
দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হলো দিলীপ আগরওয়ালাকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩০)

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অসাধু উপায়ে ১১২ কোটি টাকার বেশি সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার জাহান রুমী।

গত ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দিলীপ আগরওয়ালাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন আদালত। এদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালা অসাধু উপায়ে ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন করে মালিকানা ও দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার নামে থাকা ৩৪টি ব্যাংক হিসাবে ৩৮৫ কোটি ৩২ লাখ ৬২ হাজার ১২৩ টাকা জমা এবং ৩৬৯ কোটি ৯৭ লাখ ৯৪ হাজার ১৪০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকার লেনদেন হয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অর্থের স্তরায়ণ বা ‘লেয়ারিং’-এর তথ্য পাওয়ার কথা জানানো হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

অবৈধ অর্থের উৎস আড়াল করতে একাধিক ধাপে অর্থ স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তরের প্রক্রিয়াকে ‘লেয়ারিং’ বলা হয়।

এর আগে গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন সোনা ও হীরা চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠান।

২১ অক্টোবর আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দফায় মোট ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে অভিযান চালানো হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোরকে হত্যার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় বিভিন্ন সময়ে তাকে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তী সময়ে নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিলীপ আগরওয়ালা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]