প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম (ভিজিট : ১৩৪)

সংগৃহীত ছবি
কারাগার থেকে আদালতে আসামি হাজিরের প্রক্রিয়া ডিজিটাল করা গেলে বিচারব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ বিষয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘বিচারব্যবস্থাকে আরও উন্নত ও জনগণের আস্থার জায়গায় নিতে চাই।’
দেশে বর্তমানে ৪৬ লাখ মামলা বিচারাধীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাত্র ২ হাজার ৩০০ বিচারকের পক্ষে এত বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তি করা অত্যন্ত কঠিন। তবে কিছু বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথভাবে দায়িত্ব পালন না করে আয়েশি জীবন কাটাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকর্তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, তাঁদের জন্য মন্ত্রণালয় আরও ‘আয়েশের’ ব্যবস্থা করবে।
আইনমন্ত্রী আরও জানান, সাইবার আইনকে আরও বেশি জনসম্পৃক্ত করতে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়া হচ্ছে।
এ ছাড়া সংবিধান সংশোধনের ক্ষেত্রেও জুলাই আন্দোলনের যোদ্ধা, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, আইনজীবী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে বলে জানান তিনি।