প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:২৬ পিএম (ভিজিট : ২৩৪)

সংগৃহীত ছবি
টঙ্গীর মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগের পর শিক্ষককে মারধর করে আলোচনায় আসা শাহজালাল রুমি দেশ ছাড়েননি। মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রুমির আইনজীবী এইচ. এম. রুহুল আমীন মোল্লা (হাসান) বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, আইনি সহায়তা নিতে সোমবার রাতে রুমি তার চেম্বারে দীর্ঘ সময় অবস্থান করেন। তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানির তারিখ এখনো জানা যায়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন শিশুটির বাবা শাহজালাল রুমি।
পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়। ওই মামলায় রুমির বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহজালাল রুমি দাবি করেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তিনি বলেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’ তবে তার আইনজীবীর বক্তব্য অনুযায়ী, রুমি দেশ ছাড়েননি; বরং আইনি সহায়তার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছেন।