প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪১ এএম (ভিজিট : ৭১)

সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী মানিক পশারীর মৃত্যুর পর তার দাফন নিয়ে নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
কমিটির সদস্যরা হলেন সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের বিশেষ বৈঠকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে মানিক পশারীর দাফন সম্পন্ন হয় এবং স্থানীয়দের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। এ ছাড়া দাফনে বাধা দেওয়ার অভিযোগও ওঠে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও গ্রাম পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, গঠিত তদন্ত কমিটি নিরপেক্ষভাবে পুরো ঘটনা পর্যালোচনা করবে এবং সংগঠনের কেউ এতে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখবে। তদন্তের স্বার্থে কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করতে স্থানীয় সংগঠনকেও নির্দেশ দেওয়া হয়েছে।