
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৫০ টাকার খাবার খাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে হাসনাতের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, স্বল্পমূল্যের খাবার খেয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ, দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের হওয়ায় তাদের জীবনযাত্রার বাস্তবতা উপলব্ধি করা জরুরি।
পোস্টে হামিম দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছোটবেলা থেকেই পারিবারিকভাবে মিতব্যয়ী। এ প্রসঙ্গে তিনি জুলাই অভ্যুত্থানের আগে ও পরে কয়েকজন রাজনৈতিক নেতার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে বলে অভিযোগ করেন।
হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে ছাত্রদল নেতা লেখেন, অভ্যুত্থানের আগে কারা সাইকেলে চলাফেরা করতেন, আর অভ্যুত্থানের কয়েক দিন পর কারা ক্যাম্পাসে প্রাডো গাড়িতে চড়েছেন, তা মানুষের জানা। একইভাবে, আগে বাটা জুতা কেনার সামর্থ্য না থাকলেও পরে এয়ার জর্ডান পরে ঘুরে বেড়ানোর বিষয়টিও মানুষের নজরে এসেছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বন্যার ত্রাণ ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে হামিম বলেন, মানুষের সরলতার সুযোগ নিয়ে কারা এসব অনিয়ম করেছেন, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, অভ্যুত্থানের আগে যাদের হলের খাবার খেতেও কষ্ট হতো, তাদের কেউ কেউ পরে পাঁচ তারকা হোটেলে বসে কফি খেতে শুরু করেছেন। একই সঙ্গে কয়েকটি ফ্ল্যাটের মালিক হওয়া এবং নিজেদের সহকারীদের বিপুল সম্পদের মালিক বানানোর অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো প্রমাণ উল্লেখ করেননি হামিম।
১৫০ টাকার খাবার নিয়ে বিতর্কের প্রসঙ্গে ছাত্রদল নেতা বলেন, ‘১৫০ টাকার খাবার খেয়েও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব। কারণ, এ দেশের অধিকাংশ মানুষই নিম্ন আয়ের। সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবতা বুঝতে হলে তাদের মতো করে ভাবতে হয়, তাদের বাস্তবতাকে উপলব্ধি করতে হয়।’
তিনি আরও বলেন, জীবনযাত্রার মান হঠাৎ পরিবর্তিত হলে দুর্নীতিবাজদের কাছ থেকে দেশবিরোধী সিদ্ধান্ত আসতে পারে। এ ক্ষেত্রে এনসিপির কর্মকাণ্ডকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।
হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে হামিম আরও লেখেন, সার্বিয়া ও নেপালে অভ্যুত্থানের পর জনগণ ছাত্রদের প্ল্যাটফর্মকে দুর্নীতিমুক্ত রাজনীতি ও পরিবর্তনের প্রত্যাশায় বেছে নিয়েছিল। তবে তার অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের কারণে বাংলাদেশের জাতীয় নির্বাচনে জনগণ এনসিপিকে প্রত্যাখ্যান করেছে।
পোস্টের শেষাংশে সমালোচনা করার আগে বক্তব্যের যৌক্তিকতা যাচাই করার আহ্বান জানিয়ে হামিম লেখেন, ‘তাই বলি সমালোচনা করার আগে একটু ভেবে ও যৌক্তিকভাবে করবেন।’