প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম (ভিজিট : ১৬৫)

সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ তিন নেতার সঙ্গে ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার ‘গোপন বৈঠক’ হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সোমবার নিজের ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গত ১৬ অক্টোবর রাজধানীর বারিধারায় ভারতীয় ওই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক হয়।
তবে অভিযোগ অস্বীকার করে এর পক্ষে প্রমাণ দিতে বলেছেন মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে, রাশেদ খাঁন তাঁর অভিযোগকে ‘শতভাগ সত্য’ বলে দাবি করেছেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ১৬ অক্টোবর মাগরিবের পর বারিধারায় অনুষ্ঠিত ওই বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে জামায়াত নেতা এ টি এম মা’ছুমও উপস্থিত ছিলেন।
তিনি প্রশ্ন তোলেন, যারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তাঁরা কী কারণে এবং কোন স্বার্থে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে বসেছেন। তাঁর ভাষ্য, ভারতীয় কোনো কূটনীতিকের সঙ্গে বৈঠক করা আর দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।
রাশেদ খাঁন আরও বলেন, মিয়া গোলাম পরওয়ার নৈতিক রাজনীতি করলে গোপন বৈঠকের বিষয়টি স্পষ্ট করবেন বলে তিনি আশা করেন। অন্যথায় জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত—এমন ধারণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা এই ষড়যন্ত্রের প্রথম ধাপ।
এ বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগটি সম্পূর্ণ অসত্য। তাঁর ভাষ্য, অভিযোগকারীরা চাইলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি তৈরি করে দেখাতে পারেন।
পরওয়ারের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, সব বৈঠকের ছবি থাকার প্রয়োজন নেই। তাঁর দাবি, বৈঠকটি শতভাগ সত্য। একজন ইসলামী দলের নেতা হয়েও মিয়া গোলাম পরওয়ার কীভাবে বিষয়টি অস্বীকার করছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।