প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৮ পিএম (ভিজিট : ১১৮)

সংগৃহীত ছবি
গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) খাদেম উল কায়েস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গাজীপুরে ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল ২৪। বিষয়টি নজরে আসার পর বিচারক আরিফুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ এবং পরবর্তী সময়ে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করা মো. আরিফুল ইসলাম বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগগুলোর যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী বিচারক মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তের সময়ে বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা পাবেন।