প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:১২ পিএম (ভিজিট : ১০৭)

সংগৃহীত ছবি
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও অবিভক্ত ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাবার মৃত্যুর খবর জানান।
ফেসবুক পোস্টে তানভীর আহমেদ রবিন লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই। তিনি তাঁর রবের কাছে চলে গেছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।’
পোস্টে তিনি আরও জানান, তাঁর বাবার জানাজা আগামীকাল বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তানভীর আহমেদ রবিন লেখেন, মহান আল্লাহ যেন তাঁর বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।