প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম (ভিজিট : ১১৩)

সংগৃহীত ছবি
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ অক্টোবর) সকালে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছাত্রজীবন শেষে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
জানা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে চিকিৎসা নিচ্ছিলেন রোটন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে এবং শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দেয়।
এ অবস্থায় গত ৪ অক্টোবর তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।