প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:২২ এএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৭ বছরের অপকর্মের অভিযোগ রয়েছে এবং দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে এ্যানি বলেন, দলটির নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন অপকর্মের চেষ্টা করছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিরোধী দলকে উদ্দেশ করে পানিসম্পদমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর মাত্র ছয় মাসে সব কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ অবস্থায় বিরোধী দলের পক্ষ থেকে বারবার মিছিল, সভা, লংমার্চ ও রোডমার্চ আয়োজন কতটা সমীচীন, তা ভেবে দেখা উচিত।
নির্বাচনের আগে ধর্মীয় বক্তব্য দিয়ে ভোট চাওয়ার প্রসঙ্গেও কথা বলেন তিনি। এ্যানি বলেন, একটি দল নিজেদের ‘আল্লাহর দল’ দাবি করে মানুষকে জান্নাত দেওয়ার কথা বলেছিল। এ ধরনের বক্তব্যের মাধ্যমে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মা-বোনদের ভোট নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জান্নাত সম্পূর্ণ ঈমান ও আকিদার বিষয় এবং এটি আল্লাহর হুকুমের ওপর নির্ভরশীল। কোনো রাজনৈতিক দল জান্নাত দিতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। এ ছাড়া চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, মহিলা দল নেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।