প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম (ভিজিট : ৮৫)

সংগৃহীত ছবি
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের কথাবার্তা বলা তার অভ্যাস হয়ে থাকতে পারে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ও ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা এবং জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ সম্মেলনের শেষ দিকে ঢাকায় সাম্প্রতিক সময়ে ঘনঘন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি বক্তব্যের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক।
ওই সাংবাদিক উল্লেখ করেন, পাটওয়ারী বলেছিলেন—১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে। তার এ বক্তব্যকে ককটেল বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার এক ধরনের স্বীকারোক্তি হিসেবেও ব্যাখ্যা করা যায় বলে মন্তব্য করেন সাংবাদিক।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী পাটওয়ারীর নাম উল্লেখ না করে বলেন, “আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তার একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। আপনারা বিশ্লেষণ করুন।”
মন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দলের দাবি মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে—এমন বক্তব্যের অর্থ দাঁড়ায়, দাবি আদায়ের জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
তিনি বলেন, “৯ দলের ৯ দফা মেনে নিলেই আর কোনো টুসঠাস হবে না—এটাই তো তার বক্তব্য।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “এ সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে তারা প্রমাণ করছে কারা এগুলোর মধ্যে জড়িত। আপনারা বিশ্লেষণ করবেন।”
শেষে তিনি বলেন, “আমি কোনো ওই লেভেলের লোকের ভারসাম্যহীন এবং অসংলগ্ন কথাবার্তার জবাব দিতে চাই না।”