রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, তাণ্ডব ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের পোস্ট করা একটি ভিডিও শেয়ার করে তিনি এই প্রতিক্রিয়া জানান। ভিডিওটিতে সালমানকে তাঁর বিধ্বস্ত স্টুডিওর বর্ণনা দিতে দেখা যায়।
পোস্টের ক্যাপশনে জামায়াত আমীর লেখেন, “গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব।”
চাঁদাবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও উল্লেখ করেন, “মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।”
আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।”