প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ এএম (ভিজিট : ১৯২)

হযরত শাহজালালআন্তর্জাতিক বিমানবন্দররে সিঙ্গাপুর থেকে আসা বিজি-৫৮৫ ফ্লাইটে চার ঘণ্টার অভিযানে মিলল প্রায় ৫.৮৩২ কেজি স্বর্ণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটের উড়োজাহাজের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৫ দশমিক ৮৩২ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্লাইটটিতে বিপুল পরিমাণ স্বর্ণবার থাকার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফ্লাইটটি সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট অবতরণের পরপরই উড়োজাহাজটিতে তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। প্রাথমিক গোয়েন্দা তথ্যে ফ্লাইটটিতে শতাধিক স্বর্ণবার থাকার সম্ভাবনার কথা জানা যায়। এরপর প্রায় চার ঘণ্টা ধরে উড়োজাহাজটির বিভিন্ন স্থানে নিবিড় তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০টি স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। উদ্ধার করা প্রতিটি বারের ওজন ১০ তোলা। ৫০টি বারে মোট ৫০০ তোলা স্বর্ণ পাওয়া যায়, যা প্রায় ৫ দশমিক ৮৩২ কেজির সমপরিমাণ।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো কোনো যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা হয়নি। বরং উড়োজাহাজের টয়লেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা হয়েছিল। ফলে স্বর্ণগুলো উড়োজাহাজে কারা রেখেছিল এবং বিমানবন্দর থেকে সেগুলো বের করে নেওয়ার পরিকল্পনার সঙ্গে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা জানতে সংশ্লিষ্টদের বিষয়ে অনুসন্ধান ও গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।