প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:০২ এএম (ভিজিট : ৬৬)

সংগৃহীত ছবি
বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের বিষয়ে প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার মতে, প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত সরকারের নাম ব্যবহার করে অনিয়মে জড়িত ব্যক্তিদের জন্য বড় সতর্কবার্তা।
শুক্রবার (২ অক্টোবর) যুগান্তরকে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সরকারের পরিচয় ব্যবহার করে যারা দেশের ও দলের ক্ষতি করছেন, তাদের জন্য প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত একটি স্পষ্ট বার্তা।
তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজ, খালেদা জিয়ার স্যাক্রিফাইস এবং তারেক রহমানের দেখানো স্বপ্নের প্রতি আস্থা রেখে মানুষ আমাদের ভোট দিয়েছে। সুতরাং ব্যক্তিগতভাবে কারও স্বার্থ রক্ষা, চাঁদাবাজি বা অপকর্মের দায়ভার সরকার বা আমরা নেব না।”
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস উইং নিশ্চিত করে। পরে জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জাতীয় আলোচনায় এলেও মিরপুরের স্থানীয় রাজনীতিতে ফেরদৌসী আহমেদ মিষ্টি দীর্ঘদিনের পরিচিত মুখ।