চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ধরমপুর এলাকার বাবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় তাঁর সৎ ছেলে আশিকুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে তাঁর সৎ ছেলে আশিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিকুর ছুরি দিয়ে আয়েশা বেগমকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আশিকুর রহমান পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়ের করা হবে।