প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম (ভিজিট : ৫৭)

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হতে এখনো দুই সপ্তাহের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে শহরের বিপণিবিতানগুলোতে জমে উঠেছে পূজার কেনাকাটা। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত পছন্দের পোশাক ও পূজার আনুষঙ্গিক সামগ্রী কিনতে মার্কেটগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেট, শহীদ সাটু কমপ্লেক্স মার্কেট, ক্লাব সুপার মার্কেট, সেন্টু মার্কেটসহ বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। পূজা সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে তুলেছেন নতুন নতুন নকশা ও বৈচিত্র্যের পোশাক। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাজানো হয়েছে দোকানের সংগ্রহ।
ব্যবসায়ীরা বলছেন, কয়েক দিন ধরেই পূজার কেনাকাটা শুরু হয়েছে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বিক্রি বেড়েছে। তরুণ-তরুণীদের পাশাপাশি শিশু ও বয়স্কদের পোশাকেরও চাহিদা রয়েছে।
পরিবারের সদস্যদের জন্য একসঙ্গে কেনাকাটা করতে আসছেন অনেকে। পোশাকের পাশাপাশি পূজার সাজসজ্জার বিভিন্ন অনুষঙ্গের দোকানেও বাড়ছে বেচাকেনা। বিশেষ করে মেয়েদের জুয়েলারি, সিঁদুর, চুড়ি, জুতা ও স্যান্ডেলের চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
একাধিক দোকানি জানান, ক্রেতারা সময় ও খরচ বাঁচাতে একই বিপণিকেন্দ্রে পোশাকসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী কেনার দিকে বেশি ঝুঁকছেন।
শহীদ সাটু কমপ্লেক্স মার্কেটের ফ্যাশন গ্যালারির স্বত্বাধিকারী পলাশ সিংহ বলেন, ‘প্রতিবারের মতো এবারও পূজাকে সামনে রেখে সব বয়সী ক্রেতার কথা বিবেচনা করে পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। মেয়েরা সালোয়ার-কামিজ এবং ছেলেরা পাঞ্জাবি, ফতুয়া, প্যান্ট-শার্ট ও টি-শার্ট কিনছেন। গত সপ্তাহের তুলনায় বিক্রি বেড়েছে।’
কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায় দুর্গাপূজাকে সামনে রেখে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনতে তারা মার্কেটে এসেছেন। পছন্দের পোশাকের পাশাপাশি দামও বিবেচনায় রাখছেন তারা। অধিকাংশ দোকানে পোশাকের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলেও জানান ক্রেতারা।
ব্যবসায়ীদের প্রত্যাশা, দুর্গাপূজা যত ঘনিয়ে আসবে, কেনাকাটা আরও বাড়বে। উৎসবের শেষ মুহূর্তে বাজারে ক্রেতাদের চাপ কয়েক গুণ বাড়তে পারে বলে মনে করছেন তারা।