প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম (ভিজিট : ১০৭)

সংগৃহীত ছবি
ফেনী সফরকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে গাড়ি থেকে নেমে নিজেই ওই প্রবীণের কাছে এগিয়ে যান তিনি। এ সময় প্রবীণ ব্যক্তি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এ মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই প্রবীণ। তিনি তারেক রহমানের জন্য দোয়া করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় ওই প্রবীণ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখতে পেয়ে গাড়ি থামানো হয়। পরে প্রধানমন্ত্রী নিজেই তাঁর কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলেন এবং তাঁর দেওয়া ফুল গ্রহণ করেন।
এ ঘটনায় সেখানে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আশপাশে থাকা অনেকেই মুঠোফোনে মুহূর্তটি ধারণ করেন। পরে তাঁদের সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজন জানান, রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণ নাগরিকের কাছে প্রধানমন্ত্রীর নিজে এগিয়ে যাওয়ার ঘটনাটি তাঁদের নজর কেড়েছে। তাঁদের মতে, এ ঘটনা প্রবীণের প্রতি সম্মান ও আন্তরিকতার প্রকাশ।
বৃহস্পতিবার ফেনী সফরে গিয়ে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্প উদ্বোধন করেন। পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।