প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম (ভিজিট : ৮২)

সংগৃহীত ছবি
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য ও দলীয় পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপি ও সংসদ সদস্য—উভয় পদ থেকেই পদত্যাগ করতে বলা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন। বৃহস্পতিবারই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির এক নীতিনির্ধারক জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ফেরদৌসী মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। পাশাপাশি বিএনপি থেকেও পদত্যাগ করবেন তিনি। আজই পদত্যাগপত্র জমা দেওয়ার সম্ভাবনা বেশি বলে জানান ওই নেতা।
গত বুধবার রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনার পর ফেরদৌসী মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওই রাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। বুধবার রাতে সংগঠনটির ওই কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির পর তাঁর দলীয় ও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
দলীয় সূত্রের দাবি, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।