প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ৯৩)

সংগৃহীত ছবি
প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক নির্বাচনী আসন ও নিজের নানাবাড়ির এলাকা ফেনীর পরশুরামে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় নিজেকে এ অঞ্চলের নাতি হিসেবে পরিচয় দিয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মা বেগম খালেদা জিয়ার সঙ্গে এ এলাকায় সফরের স্মৃতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বৃহত্তর ফেনী অঞ্চলের মানুষ। বর্ষা মৌসুমে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটে অনেকের। দীর্ঘদিনের এ সংকট মোকাবিলায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বৃহস্পতিবার সকালে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।
পরে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। খাল খনন এবং মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফেনীর মানুষ বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০ কোটি মানুষের দেশে কিছু দুষ্কৃতকারী অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে। সরকার সর্বশক্তি দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কিছু রাজনৈতিক দল এসব ঘটনাকে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিকে বিএনপির নয়, বরং দেশের মানুষের কর্মসূচি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব কর্মসূচি বাস্তবায়নে সব অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এদিন বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।