প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ৭৩)

সংগৃহীত ছবি
ফেনীর পরশুরামের মানুষের দীর্ঘদিনের বন্যার দুর্ভোগ মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাধ্যমে অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর লাখ লাখ মানুষকে বন্যার ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকার এ প্রকল্প হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের ঘাটঘর স্টিল ব্রিজ এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের কল্যাণে সরকারকে কাজ করতে হবে। জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। পর্যায়ক্রমে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
নিজের নানাবাড়ি এলাকার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, বহু বছর পর তিনি এ এলাকায় এসেছেন। ১৯৮৪ সালে প্রথমবার এবং ১৯৯১ সালে দ্বিতীয়বার এখানে এসেছিলেন।
১৯৯১ সালের স্মৃতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সে সময় তাঁর মা নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এ এলাকায় এসেছিলেন। তখন বর্তমান সড়কটি ছিল না। তাঁরা মির্জানগর বিডিআর ক্যাম্প পর্যন্ত গিয়েছিলেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।