প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৫০ এএম (ভিজিট : ৫৫)

সংগৃহীত ছবি
জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে চিঠি রেখে দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয় পরিষ্কার করার সময় পলিথিনে মোড়ানো একটি খামের ভেতর চিঠিটি পাওয়া যায়।
বিষয়টি পুলিশকে জানানো হলে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে চিঠিটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
লাল কালিতে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘হত্যা করা হবে, সময় ১৫ দিন।’ তবে কারা চিঠিটি কার্যালয়ে রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রায়কালী ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, চিঠিতে তার নামসহ দলের চার নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দল ক্ষমতায় আসার পর থেকে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডে কেউ ক্ষুব্ধ বা ঈর্ষান্বিত হয়ে হুমকি দিয়ে থাকতে পারেন বলে তার ধারণা। তিনি ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তের দাবি জানান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, রাতেই চিঠিটি জব্দ করা হয়েছে। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।