প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম (ভিজিট : ৫৪)

সংগৃহীত ছবি
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালেও মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্বর্ণপদকের লড়াইয়ে এবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান।
ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ভারত। শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেছে দলটি।
জাপানের নিশিনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অবদান রাখেন বাঁহাতি ব্যাটার ইশান কিশান। ৪৬ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও চারটি চার।
তবে শুরুটা ভালো হয়নি ভারতের। তিন ওভারের মধ্যেই মাত্র ২৪ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেই পরিস্থিতিতে পাল্টা আক্রমণে দলের হাল ধরেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ২১ বলে ৩৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
সূর্যবংশী ফেরার পর ভারতের রানের গতি কিছুটা কমে যায়। এরপর সাজঘরে ফেরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইশান কিশান।
শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত তাঁর অপরাজিত ৮০ রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। সেই পুঁজিকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে ১২৪ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় দলটি।
এবার স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই ফাইনাল ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।