প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম (ভিজিট : ৯৪)

সংগৃহীত ছবি
ইরানের জাতীয় ঐক্য, সংগ্রাম ও সাফল্যের পেছনে নামাজকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। তাঁর মতে, ইরানি জাতির বিজয় ও অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হলো নামাজ।
মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলন’-এ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে তাঁর বার্তাটি পড়ে শোনানো হয়।
বার্তায় মোজতবা খামেনি নামাজকে মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নামাজ মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। এটি মানুষের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। একই সঙ্গে নামাজ মানুষের মনে শান্তি, আশা ও ভালোবাসার সঞ্চার করে।
তিনি আরও বলেন, নামাজ কেবল ব্যক্তিগত ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, ক্ষমতা ও সামর্থ্য অর্জনের পর নামাজ কায়েম করা সৎকর্মশীলদের অন্যতম প্রধান দায়িত্ব।
ইরানের বর্তমান পরিস্থিতিতে নামাজ কায়েম করা এবং এর চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়াকে জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
এ লক্ষ্য অর্জনে পরিবার, শিক্ষক, সমাজের বিশিষ্টজন, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।
বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সব বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।