প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ এএম (ভিজিট : ৬৩)

সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিচুক্তি নিয়ে আলোচনা দুই দেশের যৌথ নদী কমিশনেই হবে বলে জানিয়েছে ভারত। চুক্তিটি নিয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে প্রাপ্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে সমানভাবে পানি বণ্টনের নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ রাখার কথাও জানান তিনি।
ব্রিফিংয়ে এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, শুধু গঙ্গা নয়, দুই দেশের মধ্যে প্রবাহিত সব নদীর বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। নদীসংক্রান্ত সব বিষয় ওই কমিশনের মাধ্যমেই আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, গঙ্গা পানিচুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফরের খবরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘে আবারও কাশ্মীর ইস্যু তোলার বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ওই মন্তব্য প্রত্যাখ্যান করছে।
রণধীর জয়সওয়াল বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং এটি ভারতের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে কোনো বহিঃস্থ পক্ষের কোনো অধিকার বা এখতিয়ার নেই।