প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম (ভিজিট : ৬৮)

সংগৃহীত ছবি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুত্রাজায়ার পুসারা নেগারা বা জাতীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
দাফনের সময় স্বামী মাহাথির মোহাম্মদ, তাদের সন্তান ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সেরি কেমবাঙ্গানের আস-শরিফ মসজিদে আসরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যদের পাশাপাশি হাজারো মানুষ অংশ নেন।
জানাজা শেষে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী ও রয়্যাল মালয়েশিয়া পুলিশের সদস্যরা সামরিক প্রটোকল অনুযায়ী মরদেহ পুসারা নেগারায় নিয়ে যান। আটজন কর্মকর্তা মরদেহ বহনের আনুষ্ঠানিকতায় অংশ নেন। দাফন শেষে পুত্রা মসজিদের গ্র্যান্ড ইমাম ড. মুহাম্মদ জাকুয়া রদজালি তালকিন পাঠ করেন। পরে সরকারি অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান দাতুক আবদ শোকর মাহমুদ পরিবারের হাতে জাতীয় পতাকা ‘জালুর গেমিলাং’ তুলে দেন।
এর আগে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিতি হাসমাহ। তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শোক প্রকাশ করেন এবং তার শেষকৃত্যে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার নির্দেশ দেন।
চিকিৎসক হিসেবে সিতি হাসমাহ মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে মাতৃ ও শিশুসাস্থ্য, পরিবারকল্যাণ এবং নারীর উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। মাহাথির মোহাম্মদের সঙ্গে তার সাত দশকের দাম্পত্যজীবনে তাদের সাত সন্তান রয়েছে।
রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের মধ্য দিয়ে মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণে দীর্ঘদিনের অবদানের প্রতি সম্মান জানানো হলো।